ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে।
আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অপার। এখনকার বিনিয়োগ পরিবেশ অনেক বেশি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা জরুরি, বিশেষ করে আসিয়ানের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ার প্রশাসনিক ভবনে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়। চুক্তিগুলো প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা বৃদ্ধির ওপর ভিত্তি করে সই করা হয়।
প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের এটি ছিল প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬