|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণের চুড়ি জব্দ, আটক ১


চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণের চুড়ি জব্দ, আটক ১


নিজস্ব প্রতিবেদক:
 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা চুড়িগুলোর ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় এম ডি শরিফ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
 

রোববার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে জানানো হয়।
 

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী এম ডি শরিফ।
 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তিনি সঙ্গে থাকা স্বর্ণালংকারের বিষয়ে কোনো ঘোষণা দেননি। পরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন তিনি।
 

পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
 

উদ্ধার করা চুড়িগুলোর মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬