|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারে ধর্ষণচেষ্টা: গণপিটুনিতে যুবকের মৃত্যু


কক্সবাজারে ধর্ষণচেষ্টা: গণপিটুনিতে যুবকের মৃত্যু


মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ধর্ষণের চেষ্টাকালে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছেন এক যুবক। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (২৬)। তিনি স্থানীয়ভাবে চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সকালে এক তরুণীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান আবদুল মান্নান। এতে ব্যর্থ হয়ে তিনি ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মান্নান পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 

এ বিষয়ে খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ জানান, নিহত মান্নান মছন আলী ও তার ছেলেদের নেতৃত্বাধীন একটি সশস্ত্র ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে এই দলটি সড়ক ও গ্রামে ডাকাতি করে আসছিল। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
 

রামু থানার ওসি (তদন্ত) আরও জানান, আবদুল মান্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণের একাধিক মামলা রয়েছে। তার বাবা ও তিন ভাইও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬