চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু
ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তাহেরা বেগম (৫৫) ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামের সোলতান আহমদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকাকালীন একটি দলছুট বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির শক্তিশালী আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, এলাকাটি ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের কাছে হওয়ায় বন্য হাতির বিচরণ এখানে স্বাভাবিক। সম্প্রতি বন্য হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের সঙ্গে তাদের সংঘর্ষ বাড়ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বন বিভাগ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬