মোশাররফ করিমের সঙ্গে সুমাইয়া শিমু-দীঘি, ঈদে আসছে ‘যাত্রা বিরতি’
বিনোদন ডেস্ক:
মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ আর পারিবারিক ভ্রমণের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’। ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানসহ একঝাঁক তারকা।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। সম্প্রতি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার শুটিং। শুটিংয়ের কাজে পুরো ইউনিট এখন পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অবস্থান করছে। ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে। আগামী বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
‘যাত্রা বিরতি’তে মোশাররফ করিমের সঙ্গে পর্দায় দেখা যাবে সুমাইয়া শিমুকে। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় এই জুটি। সিনেমাটিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান। এ ছাড়া রয়েছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ আরও অনেকে।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ৮৪ বছর বয়সেও শুটিংয়ের জন্য ভ্রমণে বের হওয়ার আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ‘ভ্রমণের আনন্দ এমনই যে, আটকে রাখা যায়নি চুরাশি বছর বয়সী দিলারা জামানকে। শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেড়াবেন, তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দ করবেন, ভালো সময় কাটাবেন—এই তাঁর বাসনা। তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’
নির্মাতা কাজী আসাদ মনে করেন, উৎসবের আনন্দ ও পারিবারিক বন্ধনের গল্প হিসেবে ‘যাত্রা বিরতি’ ঈদে দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে। তাঁর ভাষায়, উৎসবে সবাই একসঙ্গে থাকতে পছন্দ করেন। বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর আনন্দই সিনেমাটির গল্পে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে বিবেচনায় ঈদে মুক্তির জন্য গল্পটিকে উপযুক্ত মনে হয়েছে।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। সিনেমাটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, চিত্রনাট্য পড়ে তাঁর ভালো লেগেছে। নিজের চরিত্রটিও সুন্দর মনে হয়েছে। তবে কাজটি করার বিষয়ে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিনেমাটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। দর্শক পর্দায় এই পরিবারকে দেখে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর পুনর্মিলন নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর আগে তাঁদের জুটির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। মোশাররফ করিমের সঙ্গে কাজী আসাদের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। নির্মাতার ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি।
সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, দীর্ঘদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে একসঙ্গে অভিনয় করতে পারা তাঁর জন্য আনন্দের। গল্পটিও তাঁর কাছে বেশ সুন্দর মনে হয়েছে। তবে কাজটি যথাযথভাবে সম্পন্ন করাই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শকের ভালো লাগার মতো একটি কাজ উপহার দিতে চান তিনি।
অন্যদিকে, মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলেও মোশাররফ করিমের সঙ্গে আগে কখনো অভিনয় করা হয়নি তাঁর। দীঘি বলেন, প্রিয় অভিনেতার সামনে দাঁড়িয়ে সংলাপ বলা নিয়ে কিছুটা চিন্তা হচ্ছে। তবে ক্যামেরার সামনে তাঁর সঙ্গে রিহার্সেল করতে পারলে বিষয়টি সহজ হয়ে যাবে বলে আশা করছেন তিনি। সিনেমার গল্প নিয়েও বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
উল্লেখ্য, নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ চলচ্চিত্র নির্মাণ করেছেন। দুটি কাজই দর্শকমহলে প্রশংসা পেয়েছে। তবে ‘যাত্রা বিরতি’ তাঁর পরিচালনায় প্রথম প্রেক্ষাগৃহের জন্য নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। পারিবারিক সম্পর্ক, ভ্রমণ এবং জীবনের নানা অনুভূতির মিশেলে নির্মিত ‘যাত্রা বিরতি’ আগামী ঈদে দর্শকদের জন্য নতুন বিনোদনের আয়োজন নিয়ে আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬