|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৭:০০ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের


মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের


মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে জাতীয় সংসদে তাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বর্তমান সংসদের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, তা কোনোভাবেই বিক্রি করেন না।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অভিবেশনের ২৪তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব রাখেন।

শামা ওবায়েদ উল্লেখ করেন, সংসদের ভেতরে যদি মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ বলা হয়, তবে তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে। এতে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার দল ও বিরোধী দল-উভয় পক্ষেই মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি যুক্ত করলে সংসদে তাদের মর্যাদা আরও সুস্পষ্ট হবে এবং এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

এ বিষয়ে স্পিকার জানান, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং সংসদ তা অনুমোদন করেছে। বর্তমান সংজ্ঞা অনুযায়ী, যাঁরা অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা; অন্যরা মুক্তিযোদ্ধা সহায়ক হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, সংসদে সাধারণত সদস্যদের আসনভিত্তিক পরিচয়েই সম্বোধন করা হয়। তবে কোনো সদস্য যে প্রকৃত অর্থে অস্ত্রধারী মুক্তিযোদ্ধা, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেলে, ভবিষ্যতে সেই অনুযায়ী তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬