|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ

বগুড়ায় ট্রাকচাপায় তিন বন্ধু নিহত


বগুড়ায় ট্রাকচাপায় তিন বন্ধু নিহত


বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
 

নিহতরা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) এবং সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার বিকেলে তিন বন্ধু নাঈম, রিফাত ও সেলিম মোটরসাইকেল নিয়ে শেরপুরে যাচ্ছিলেন। ইফতারের সময় তারা দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময়, শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান তারা। এতে মোটরসাইকেলটি উলটে গিয়ে তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। পেছন থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়।
 

গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে অচেতন সেলিম ও রিফাতকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু কিছু সময় পর সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে রিফাতও মারা যান।
 

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার জন্য অভিযান চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬