|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ

দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই


দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই


ঢাকা প্রেস নিউজ

 

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে এম সফিউল্লাহ বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
 

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

 

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালে তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন।
 

পরবর্তীতে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে, তার নেতৃত্বে একটির নামকরণ হয় ‘এস’ ফোর্স। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত হন।

 

দেশ স্বাধীন হওয়ার পর কে এম সফিউল্লাহ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরে তিনি মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।
 

১৯৯১ সালে দেশে ফিরে তিনি এক বছর ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ছিলেন। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান।
 

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতি হারাল এক অনন্য গৌরবময় ব্যক্তিত্ব।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬