|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

ডব্লিউএইচও থেকে পুতুলকে সরানোর জন্য দুদকের চিঠি


ডব্লিউএইচও থেকে পুতুলকে সরানোর জন্য দুদকের চিঠি


ঢাকা প্রেস নিউজ

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) এই চিঠিটি প্রেরণ করা হয়।
 

এর আগে, ১৫ জানুয়ারি, দুদক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয়, যেহেতু তার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগটি দুর্নীতির মাধ্যমে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
 

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে ডব্লিউএইচও'র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন।
 

এছাড়া, পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুদক।
 

গত বছরের ৩০ অক্টোবর, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পুতুলের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা থাকার কারণে বাংলাদেশ সরকার আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তার মাধ্যমে কাজ করতে চায় না। এ জন্য, ভবিষ্যতে ডব্লিউএইচও'র সঙ্গে সরাসরি কাজ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬