|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৬:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫৪ অপরাহ্ণ

বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা


বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা


আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। শুরুতে এই কার্যক্রম শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিত থাকবে। সরকারের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এই উদ্যোগে সহযোগিতা করছেন।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনেক উদ্যোক্তা এই কর্মসূচিতে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও আগামী অর্থবছরে আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, একই ধরনের রঙ ও ডিজাইনের পোশাক, ব্যাগ ও জুতা ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হবে, যাতে সারাদেশে একটি অভিন্ন ব্যবস্থা থাকে।

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিনা মূল্যে পড়াশোনা করছে, বই পাচ্ছে এবং খাবারের সুবিধাও পাচ্ছে। এখন থেকে পোশাক, জুতা এবং পাটজাত ব্যাগও বিনা মূল্যে দেওয়া হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, সরকারের এই উদ্যোগের পাশে থাকবে তাদের প্রতিষ্ঠান। ভবিষ্যতে স্কুলগুলোর জন্য বৈদ্যুতিক বাস সরবরাহের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের মধ্যে দেশের বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬