|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ণ

পাবনায় ইজারাদারের কার্যালয়ে ঢুকে গুলি, আ.লীগ ও শ্রমিক দলের দুই নেতা নিহত


পাবনায় ইজারাদারের কার্যালয়ে ঢুকে গুলি, আ.লীগ ও শ্রমিক দলের দুই নেতা নিহত


পাবনা প্রতিনিধি:

 

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হাটের ইজারাদার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আব্দুস সালাম ও রিপন হোসেন পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ওলামা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়ভাবে শ্রমিক লীগের নেতা হিসেবেও তাঁর পরিচিতি ছিল।
 

অন্যদিকে, নিহত মো. রিপন হোসেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি ছিলেন। পাবনা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, রিপন শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি ছিলেন। নিহত আব্দুস সালাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
 

অন্য একটি সূত্রের দাবি, আব্দুস সালাম ও রিপন হোসেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও পুষ্পপাড়া হাটের ইজারাদার হিসেবে তাঁরা অংশীদার ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬