|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


কুড়িগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সোনাহাট দাদামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।
 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোনাহাট বাজারে টাকা সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শাহিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেনের চালিত তিন চাকার ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, নিহতের ভাই থানায় এজাহার দায়ের করেছেন। দুর্ঘটনায় জড়িত তিন চাকার ভটভটি থানায় জব্দ করা হয়েছে। ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬