|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৭:০৫ অপরাহ্ণ

প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্তে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

তিনি জানান, গোপালগঞ্জে সংঘর্ষের পর নিহতদের মরদেহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই নিজ উদ্যোগে দাফন করে ফেলেছেন। তবে প্রয়োজনে সেগুলো উত্তোলন করে যথাযথভাবে ময়নাতদন্ত করা হবে।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা গেছেন, তাঁর ময়নাতদন্ত ইতোমধ্যে চলছে। বাকি মরদেহগুলোর ক্ষেত্রেও প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
 

এ সময় তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ শুরু করেছে।
 

প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সমাবেশস্থলে এবং গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিকবার হামলার অভিযোগ করেছে এনসিপি।
 

ঘটনার দিন সকালেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশ ভ্যান ও একটি সরকারি কর্মকর্তার গাড়ি। দিনভর সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬