|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০২:৫৪ অপরাহ্ণ

মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক


মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক


ঢাকা প্রেস ডেস্ক নিউজ

 

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
 

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
 

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করলে রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
 

একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়িকা পপি। বেশ কয়েকটি আলোচিত ও জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।
 

পপির মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬