মেক্সিকোতে মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সংঘর্ষে নিহত ১১
এএফপি
মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা, যিনি ‘চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, তাঁকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ১০ জন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির তালিকায় ছিলেন তিনি। তাঁকে গ্রেপ্তারে পরিচালিত সামরিক অভিযানে সংঘর্ষের ঘটনায় চার সেনাসদস্য ও সাত সন্দেহভাজন বন্দুকধারীসহ মোট ১১ জন নিহত হয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাতে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে বিশেষ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে চাপো ইসিদ্রোর পাশাপাশি অপরাধী সংগঠনটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা এবং আর্থিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকা আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় সাত সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক চোরাচালান চক্রের তিনজন শীর্ষ সদস্যও রয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের পর গুয়াসাভে শহরে নিরাপত্তা জোরদারের দায়িত্বে নিয়োজিত চার সেনাসদস্যও নিহত হন। নিজেদের নেতাকে গ্রেপ্তারের সময় অপরাধী চক্রের সদস্যরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। তবে এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে পয়েন্ট ৫০ ক্যালিবারের একটি রাইফেল, গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী।
এদিকে, অভিযানকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির কারণে গুয়াসাভে শহরে চলমান একটি পেশাদার বেসবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্টেডিয়ামের ভেতরে দর্শকদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় কাছাকাছি থেকে গুলির শব্দ শোনা যায়। অন্য একটি ভিডিওতে আকাশে অবস্থানরত একটি সামরিক হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬