|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০৬:০৩ অপরাহ্ণ

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে


সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ নির্দেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
 

এর আগে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সহায়তায় হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেন, তিনি ঘটনার দিন কে এম নুরুল হুদার বাসায় প্রবেশ করে তাকে মারধর করেন এবং গলায় জুতার মালা পরিয়ে দেন।
 

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসায় কে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বিমানবন্দর থানায় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
 

পরবর্তীতে জানা যায়, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে এবং তিনি সেই মামলার এজাহারভুক্ত আসামি। তবে যেসব হামলাকারী তার বাসায় অনধিকার প্রবেশ করে তাকে বেআইনি জনতাবদ্ধে হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় মামলা করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬