মব ন্যায়বিচার নিয়ে উদ্বেগ, শান্তিপূর্ণ সমাধানে জোর দিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘মব জাস্টিস’ তথা জনতার উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার এই সমস্যার সমাধানে অহিংস পন্থা অবলম্বনের চেষ্টা করছে।
সোমবার (২৩ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জনতার হাতে লাঞ্ছনার ঘটনা প্রসঙ্গে রিজওয়ানা হাসান জানান, এ ঘটনার নিন্দা জানিয়েছে সরকার। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, “সরকার আদর্শ পরিবেশে ক্ষমতায় আসেনি, কিন্তু সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে মব সংস্কৃতি বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেবল বিবৃতি দিয়ে বসে থাকেনি সরকার, বাস্তব পদক্ষেপও নেওয়া হয়েছে।”
পুলিশের ভূমিকা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত ১০ মাস ধরে সরকার এই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে, যদিও এখনো সম্পূর্ণ সন্তুষ্ট হওয়া কঠিন।”
এ সময় বৃক্ষরোপণ কার্যক্রম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের গৃহীত উদ্যোগের ফলে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ পুনরুদ্ধার প্রক্রিয়া ইতিবাচক পথে এগোচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬