রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর বনানীতে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর অন্যান্য অংশেও। রোজার মধ্যে এমন যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে চলা এই অবরোধের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচলও ব্যাহত হচ্ছে।
মিরপুর কাজীপাড়া থেকে বনানীতে অফিসগামী ফাতেমা আক্তার জানান, সকাল ৮টায় বাসা থেকে বের হলেও কিছুদূর এগিয়ে গিয়ে দেখেন সড়ক বন্ধ। বাধ্য হয়ে যাত্রীরা ফুটপাত ধরে হাঁটছেন, তবে সেখানেও প্রচণ্ড ভিড়। তিনি বলেন, "হেঁটেও এখনো অফিসে পৌঁছাতে পারিনি।"
একই পরিস্থিতির শিকার হয়েছেন মেরুল বাড্ডা থেকে তেজগাঁও অফিসে যাওয়া রিয়াজ হোসাইন। তিনি বলেন, "অন্যদিন অফিসে যেতে ৩০ মিনিট লাগলেও আজ লিংক রোড ধরে যেতে ২ ঘণ্টার বেশি সময় লেগেছে। হাতিরঝিলে সাধারণত রাস্তা ফাঁকা থাকে, কিন্তু আজ প্রতিটি পয়েন্টেই তীব্র যানজট ছিল। বাইক নিয়েও অফিসে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।"
বনানীর এই যানজটের প্রভাব পড়েছে খিলগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, মিরপুর ও মগবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। অফিসগামী মানুষরা রোজার মধ্যে এমন পরিস্থিতিতে পড়ে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী নিহত ও দুজন আহত হন। এই দুর্ঘটনার প্রতিবাদে দুটি কারখানার পোশাক শ্রমিকরা সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে রাজধানীজুড়ে যান চলাচলে মারাত্মক বিপর্যয় নেমে আসে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬