জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও সব আসামি খালাস
ঢাকা প্রেস নিউজ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, প্রতিহিংসাপ্রসূত হয়ে এই মামলা করা হয়েছিল। এ ধরনের মামলা খালেদা জিয়ার সম্মানহানি করেছে।
এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে খালেদা জিয়া খালাস চেয়ে আপিল করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাজা বাড়ানোর আবেদন করে। আপিল শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।
এই রায়ের কারণে খালেদা জিয়া দুই বছরেরও বেশি সময় কারাভোগ করেন এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬