হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। পরে বিজিবিও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছার প্রতিদান জানায়।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেনের হাতে মিষ্টি তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এর প্রতিক্রিয়ায় বিজিবিও বিএসএফকে মিষ্টি উপহার দেয়।
এসময় উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালেও ভারতীয় অভিবাসন পুলিশের পক্ষ থেকে বিজিবির ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগের কর্মকর্তাদের মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়।
দুই দেশের জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসবগুলোতে সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিজিবি ও বিএসএফ নিয়মিতভাবে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরে এই রীতি হিলি সীমান্তে চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬