|
প্রিন্টের সময়কালঃ ২২ জুন ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুন ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে রেকর্ড, প্রবৃদ্ধি ১০ শতাংশ


১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে রেকর্ড, প্রবৃদ্ধি ১০ শতাংশ


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ সময়ে সংস্থাটি মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে।
 

রোববার এনবিআরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরে অতিরিক্ত ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ফলে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ।
 

তবে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এখনও বড় ঘাটতি রয়েছে। এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ১১ মাসে আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সময়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৮১ দশমিক ৫৮ শতাংশ।

 

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে রাজস্ব আদায়ে ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
 

এদিকে জুন মাসের প্রথম ২০ দিনেই রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। ফলে ২০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা, যা গত অর্থবছরের পুরো বছরের মোট আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকাকে ছাড়িয়ে গেছে।
 

এনবিআর আশা করছে, জুনের বাকি ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬