|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৬:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি


৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৫ দেখায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের দেখাই পায়নি পিএসজি। তবে সেই অচলায়তন ভেঙে এবার সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের রক্ষণভাগ চূর্ণ করে জয় ছিনিয়ে নিয়েছে ফরাসি ক্লাবটি।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঘরের মাঠে ৯ গোলের রেকর্ডগড়া রোমাঞ্চকর এক থ্রিলারে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট ডেম্বেলেরা।

 

এদিন ম্যাচের প্রথম মিনিট থেকেই এক জমজমাট লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও শুরুটা ছিল সফরকারীদের পক্ষেই। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি আসরে এটি ছিল তার ১৩তম গোল।

 

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পিএসজি। ৪ মিনিটে অসাধারণ একক নৈপুণ্যে সমতা ফেরান খিচা কাভারাস্কেইয়া। বায়ার্নের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে তার বাঁকানো শট প্যারিসের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। এরপর ৩১ মিনিটে জোয়াও নেভেসের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা।

 

প্রথমার্ধে আবারও সমতায় ফেরে বায়ার্ন। ৪০তম মিনিটে মাইকেল ওলিসে দারুণ দক্ষতায় গোল করে ম্যাচকে ২-২ করেন। তবে বিরতির আগে শেষ হাসি হাসে পিএসজি। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন ওসমান দেম্বেলে, ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের দল।

 

দ্বিতীয়ার্ধে পিএসজি যেন আরও ভয়ংকর রূপ নেয়। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেলিয়া, আর তার ঠিক দুই মিনিট পরই ডেম্বেলের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২। এই সময়ে বায়ার্নকে কিছুটা দিশেহারা মনে হচ্ছিল, যেন ম্যাচ হাতছাড়া হয়ে গেছে।

 

কিন্তু ইউরোপিয়ান ফুটবলে বায়ার্নের লড়াকু মানসিকতা নতুন কিছু নয়। ৬৫ মিনিটে ডায়েট উপমেকানোর এর হেডে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। এরপর ৬৮ মিনিটে লুইস দিয়াজ ব্যবধান কমিয়ে ৫-৪ করেন। শেষ মুহূর্তগুলোতে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছে যায়, সমতা ফেরানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল বায়ার্ন।

 

এরপর বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। তাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে প্যারিসে ৫-৪ গোলের জয়ে প্রথম লেগে বায়ার্নকে হারালো পিএসজি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬