|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুন ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০৪:৩২ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ঘিরে শ্রীপুরে আলোচনা


কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ঘিরে শ্রীপুরে আলোচনা


গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৯ সেকেন্ডের ওই ভিডিও শনিবার সকাল থেকে ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।
 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে মিছিল করছেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে শ্রীপুর পৌর যুবলীগের সহসভাপতি মহসিন আহমেদের নাম ও ছবি দেখা যায়।
 

ভিডিওর দৃশ্যপট এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলটি শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ওয়েলডান মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং সড়কে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
 

স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার জুমার নামাজের পরপরই অল্প সময়ের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্যানারে থাকা মহসিন আহমেদ শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করা হয়।
 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬