ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ফারহানা ইয়াসমিন শিল্পী (৪৬), এক স্কুল শিক্ষিকা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। নিহত ফারহানা ইয়াসমিন শিল্পী বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী এবং দুই সন্তানের মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে শিক্ষিকা তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে উজানচর থেকে বাঞ্ছারামপুর যাচ্ছিলেন। বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান জানান, "ফারহানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক, আমরা তার মতো একজন মেধাবী শিক্ষিকাকে হারিয়ে গভীর শোকাহত।"
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পলাতক থাকায় ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬