ফেব্রুয়ারি-মার্চজুড়ে রাজপথে থাকবে ছাত্র-জনতা: নাহিদ
ঢাকা প্রেস নিউজ
সম্ভাব্য নৈরাজ্যের মোকাবিলায় ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ছাত্র-জনতা রাজপথে অবস্থান করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহম্মদ ফয়েজের লেখা ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হবে না। ছাত্র-জনতা রাজপথে রয়েছে এবং থাকবে। তারাই রাজপথের নিয়ন্ত্রণ রাখবে।"
তিনি আরও বলেন, "যেকোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে আমরা প্রতিরোধ চালিয়ে যাবো। জনগণকে বিভ্রান্ত করার এবং আমাদের ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা চলছে, তবে আমরা সর্বদা প্রস্তুত।"
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক আলোচনা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এ বিষয়ে তাদের নিজস্ব ব্যাখ্যা আছে। আমরা ভারতকে বলেছি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটি কূটনৈতিক বিষয়। তবে যদি শেখ হাসিনা ভারতে থেকে রাজনীতি করতে চান বা রাজনৈতিক সভা করেন, তাহলে এর দায়ভার ভারত সরকারকে নিতে হবে।"
জুলাই গণ–অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, "‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল। সেই অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা ছিল অতুলনীয়, কিন্তু দুঃখজনকভাবে কিছু পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও বক্তব্য দেন বইটির লেখক ও প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬