ভাঙ্গায় বাস খাদে পড়ে আহত ২০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর মো. সজিব (২৫), আমতলী, বরগুনার সুইটি বেগম (২১), ভোলার মিরাজ কাজী (৩২) এবং গোপালগঞ্জের খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপারসহ আরও অন্তত ১৬ জন নারী-পুরুষ আহত হয়েছেন, যাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ‘ইকরা পরিবহন’ নামের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ। তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬