সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। একই দিন তাকে জেলা জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মেহেরপুর জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সকালে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে, বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেনকে প্রিজনভ্যানে করে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। খবর পেয়ে এলাকার অনেক মানুষ সড়কে বেরিয়ে আসে এবং জেলা কারাগারের সামনে কিছু মানুষের ভিড়ও দেখা যায়। নিরাপত্তার জন্য গোটা শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে কারাগারে নেওয়া হয়।
জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সালেহ মো. নাছিম জানান, আদালতে দুইটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে, তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় আদালত দুই দিনের জেল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে ফরহাদ হোসেনকে বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬