ঘন কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কুয়াশা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুড়িগ্রামে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সূর্যের দেখা মিলবে এবং শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

তীব্র শীত উপেক্ষা করেও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন। কথা হয় রিকশাচালক মতিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, "ভোরবেলায় বের হয়েছি, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। ঢাকার গাড়ি আসে ভোরে, তাই এ সময় বের হলে কিছু যাত্রী পাওয়া যায়। তবে সকাল গড়ালেও রাস্তায় লোকজন কম থাকছে, শুধু জরুরি প্রয়োজনে বের হচ্ছেন অনেকে।"

শীতার্তদের সহায়তায় সরকারি উদ্যোগও চলছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, চলতি বছর জেলার ৯টি উপজেলায় ৩৫ হাজার ৭২২টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো শীতবস্ত্র বিতরণ করছে। তবে তাদের দেওয়া সহায়তার সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬