|
প্রিন্টের সময়কালঃ ২১ জুন ২০২৬ ০৯:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৭:১২ অপরাহ্ণ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার


হযরত শাহজালাল (রহ.) মাজারকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক ও সমালোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

 

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম একসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। ভেজালবিরোধী অভিযান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেছিলেন।

 

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

সিলেটে দায়িত্ব পালনের শুরুতে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কয়েক শতাব্দীর প্রচলিত রেওয়াজ পরিবর্তন করে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপন করা হয়। পরে ওই দানবাক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

 

এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন সারওয়ার আলম। এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬