|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ণ

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


ঢাকা প্রেস নিউজ


শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

 

নেতারা অভিযোগ করেন, এ ঘটনার পরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে তলব করে এর ব্যাখ্যা চায়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
 

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার এবং তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে জানে। প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
 

সমাবেশে ফেলানীসহ অতীতে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিও তোলা হয়। নেতারা অভিযোগ করেন, ভারত সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
 

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
 

পুলিশ জানায়, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার বৈধ কাগজপত্র না থাকলেও তার স্বামীর বৈধ পাসপোর্ট ছিল, যা মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে প্রবেশের সময় ব্যবহৃত হয়েছিল। নিহত নারী তিন সন্তানসহ উত্তর বেঙ্গালুরুতে বসবাস করতেন এবং একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬