জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ: সিপিডি
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বজায় রাখাকে জুলাই আন্দোলনের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির মতে, এটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়াসকে প্রশ্নবিদ্ধ করে।
মঙ্গলবার সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “জুলাই আন্দোলন হয়েছিল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজের দাবিতে। অথচ বাজেটের এই প্রস্তাব সেই আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যারা নিয়মিত কর দেন, এই প্রস্তাব তাদের নৈতিকতাকে আহত করে এবং বৈধ আয়কারীদের প্রতি অন্যায় বৈষম্য তৈরি করে।”
তিনি আরও বলেন, “বাজেটে অপ্রদর্শিত অর্থকে বৈধ করার সুযোগ রাখা হয়েছে। বিশেষ হারে কর পরিশোধের মাধ্যমে ভবন বা অ্যাপার্টমেন্ট কেনায় এই অর্থ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমরা বারবার বলেছি—কালো টাকা সাদা করার প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, এবং সিপিডি এর বিরোধিতা করে।”
আবাসন খাতে অপ্রদর্শিত অর্থের প্রবাহ নিয়ে তিনি বলেন, “এই অর্থই আবাসন খাতে মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। যার ফলে একজন সাধারণ বৈধ আয়ভিত্তিক নাগরিকের জন্য ফ্ল্যাট কেনা দিন দিন অসম্ভব হয়ে উঠছে। এতে সমাজে বৈষম্য আরও প্রকট হচ্ছে।”
সিপিডির মতে, এই ধরনের সুযোগ রাখার মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় হওয়ার সম্ভাবনাও কম। বরং এটি মধ্য ও নিম্নবিত্ত মানুষের জন্য আবাসন আরও দূরূহ করে তুলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬