মায়ের কোলে ফিরে এলো কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যা শিশু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া মাত্র আটদিন বয়সী এক কন্যা শিশুর পরিচয় অবশেষে মিলেছে। জানা গেছে, শিশুটি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকার জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান।
শনিবার (২৪ মে) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন চিকিৎসা শেষে শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শিশুটিকে শুক্রবার সকালে উদ্ধার করা হয় উপজেলার বাসিন্দা মিলন মিয়ার বাড়ির বাথরুমের পাশ থেকে। ঘটনার পর পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, নবজাতককে উদ্ধারকারী আসমাউল হুসনা—যিনি মিলন মিয়ার স্ত্রী—ও শিশুটির মা জাহানারা বেগম খালাতো বোন। গত ১৭ মে জাহানারা বেগম সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে তার স্বামী নুর মোহাম্মদ মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে তিনি সবার অজান্তে নবজাতককে ঘর থেকে নিয়ে এসে ভূরুঙ্গামারী উপজেলার মিলন মিয়ার বাড়ির পাশে ফেলে যান।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তার অভিভাবকদের শনাক্ত করা গেছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অবশেষে কুড়িয়ে পাওয়া শিশুটি ফিরে গেছে তার মায়ের কোলে—একটি অজানা আতঙ্কের অবসান হলো ভালোবাসার ছায়ায়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬