সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি মামুনের রিমান্ড
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দুটি পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৬ দিনের রিমান্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড সংক্রান্ত বিবরণ.....
আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা আনিসুল হকের বিরুদ্ধে জিহাদ হোসেন হত্যা মামলায় ৫ দিনের এবং ওয়াসিম শেখ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, মামুনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
হত্যা মামলার অভিযোগ.....
১. জিহাদ হোসেন হত্যা মামলা: অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর শনির আখড়ায় আন্দোলনে অংশ নেন ২২ বছর বয়সী জিহাদ হোসেন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা নুরুল আমিন মোল্লা ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনকে আসামি করা হয়।
২. ওয়াসিম শেখ হত্যা মামলা: অভিযোগে বলা হয়, ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ওয়াসিম শেখ। সন্ধ্যা ৭টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রেহানা আক্তার ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
নতুন গ্রেপ্তারকৃতরা....
যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া, গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬