|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৩:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

পটিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫


পটিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল পূর্বপাড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর মো. জায়হান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে তার বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
 

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বসতঘরের পেছনের এলাকা থেকেই শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। প্রথমদিকে শিশুটি বাড়ির সামনের পুকুরে ডুবে গেছে বলে ধারণা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।
 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
 

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬