সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া!
কাইয়ুম চৌধুরী,বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):-
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ঘটনায় একই দিনে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। রবিবার (২২ জুন) উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নেহাল (২) ও জান্নাতুল মাইশা (৬)।
জান্নাতুল মাইশার মৃত্যু হয় বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. নাছিরের মেয়ে মাইশা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর ১২টার দিকে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সালামত উল্লাহ সারাং বাড়িতে ঘটে প্রথম ঘটনাটি। বেড়াতে আসা ২ বছর বয়সী শিশু নেহাল পানিতে পড়ে মারা যায়। সে পার্শ্ববর্তী এলাকার প্রবাসী সাইদুল ইসলাম শাহীনের একমাত্র সন্তান।
নিহত নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল জানান, “আমার বোন প্রতিদিনই তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। রোববারও এসেছিল। ঘরের সামনে খেলছিল নেহাল। কখন যে পুকুরে পড়ে গেল বুঝতেই পারিনি। খোঁজাখুঁজির পর পুকুরে পাওয়া যায় তাকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর নেই।”
এ দুটি হৃদয়বিদারক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সীতাকুণ্ড জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের মতে, অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া জরুরি, বিশেষ করে পানির আশপাশে শিশুদের রাখার ক্ষেত্রে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬