|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

সৌদিতে সড়কের পাশে পড়েছিল বাংলাদেশি ইমামের রক্তাক্ত মরদেহ


সৌদিতে সড়কের পাশে পড়েছিল বাংলাদেশি ইমামের রক্তাক্ত মরদেহ


ঢাকা প্রেস নিউজ

 

সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে এক মসজিদের ইমাম হাফেজ আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সৌদি আরবে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম মরদেহের পরিচয় শনাক্ত করেন এবং বিষয়টি বাংলাদেশে তার পরিবারের কাছে জানান।
 

পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতির পাশাপাশি বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষ করে ডেলিভারির জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতেই সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে চোখ ও বুকের অংশে। প্রচণ্ড রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

এ ঘটনায় সৌদি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ বা এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
 

নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। এদিকে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬