|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৮:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ণ

রেললাইনে বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ


রেললাইনে বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ


মো. হারুন অর রশিদ, কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাক উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ঘটনায় রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
 

বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, তিস্তা অভিমুখে যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে লাইনের ওপর উঠে উল্টে যায়। এতে রেললাইন বেঁকে যায় এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
 

দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। সকালে ট্রেন ধরতে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন যে ট্রেন কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাত্রা করতে ইচ্ছুক যাত্রীরা বিপাকে পড়েন।
 

রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
 

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক অপসারণ এবং রেললাইন মেরামতের কাজ জোরদার করে।
 

লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান জানান, দুপুর ১টা ৪০ মিনিট থেকে উদ্ধার ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশের মেরামত শেষে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬