আশুলিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
আশুলিয়া (সাভার) প্রতিনিধি:-
সাভারের আশুলিয়ায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) ভোররাতে গাজীরচট এলাকার প্যারাগন পোল্ট্রির সামনে এ ঘটনা ঘটে। গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীরচট এলাকায় প্রায় ১৮ বিঘা জমি নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে মো. আব্দুর রহিম ও মতিন খা’র মধ্যে বিরোধ চলছিল। পরবর্তীতে আব্দুর রহিম খান উক্ত সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি দেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দুলাল ডাক্তারকে।
পাওয়ার হস্তান্তরের পর থেকে দুলাল ডাক্তার ও মতিন খা’র মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এ বিরোধের জের ধরেই ভোররাতে মতিন খা ও তার অনুসারীরা প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর প্রতিপক্ষও তাদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬