চীনের চন্দ্রযান চ্যাংই-৬ অবতরণ করল চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে
চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে চীনের চন্দ্রযান। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ জুন) সকাল ৬টা ২৩ মিনিটে দক্ষিণ মেরু-আইটকেন অববাহিকায় অবতরণ করে মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাং'ই-৬।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসতে মনুষ্যবিহীন লং মার্চ-৫ রকেটে করে চন্দ্রযান চ্যাং'ই-৬ উৎক্ষেপণ করে চীন। মূলত চাঁদের ওই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে মহাকাশযানের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় না। চীনই একমাত্র দেশ যারা এর আগে ২০১৯ সালে চ্যাং'ই-৪ অবতরণ করে এই কৃতিত্ব অর্জন করে।
ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণের পর চ্যাং'ই-৬ মহাকাশযানটি অবতরণের অপেক্ষায় চাঁদের কক্ষপথে ঘুরছিল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, অবতরণের সময় অটোনোমাস ভিজ্যুয়াল অবস্টাক্যাল এভয়ডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি অবতরণের পথে কোনো বাধা থাকলে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এর একটি ক্যামেরা চন্দ্র পৃষ্ঠের উজ্জ্বলতা এবং অন্ধকারের ওপর ভিত্তি করে তুলনামূলকভাবে নিরাপদ অবতরণ অঞ্চল নির্বাচন করে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফল অবতরণের ঘটনাকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬