|
প্রিন্টের সময়কালঃ ৩১ মে ২০২৬ ০২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মে ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ণ

শহর পরিচ্ছন্ন রাখতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান


শহর পরিচ্ছন্ন রাখতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান


বাসস


রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমপি, মন্ত্রী, মেয়র কিংবা ওয়ার্ড কমিশনার হওয়ার প্রয়োজন নেই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকেই এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং অনেক এলাকার বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। তবে এখনও কিছু এলাকায় কাজ বাকি রয়েছে। এ অবস্থায় নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিষ্কার রাখার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
 

তারেক রহমান বলেন, বিদেশের পরিচ্ছন্ন রাস্তাঘাট ও নগর পরিবেশ দেখে অনেক সময় তারও হিংসা হয়। তিনি বলেন, উন্নত দেশগুলোতে শুধু পরিচ্ছন্নতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে না। বাংলাদেশেও এমন নাগরিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 

তিনি বলেন, অনেকেই মনে করেন সামান্য আবর্জনা ফেলে দিলে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু প্রতিদিন এভাবে জমতে জমতে তা বড় সমস্যায় পরিণত হয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেললে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও অনেক সহজ হয়ে যায়।
 

পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোদ, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শব্দের মধ্যে সারাদিন কাজ করতে তাদের অনেক কষ্ট হয়। তাই নাগরিকদের উচিত তাদের কাজকে সহজ করে দেওয়া।
 

তিনি আরও বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখলে পরিবার-পরিজনকে নিয়ে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে বসবাস করা সম্ভব হবে। ময়লা টিস্যু, কাগজ কিংবা খাবারের উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
 

নগরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি সাদা শার্টে সামান্য দাগ লাগলেও যেমন খারাপ লাগে, তেমনি দেশের পরিবেশ নোংরা থাকলেও তা সবার জন্য অস্বস্তিকর হওয়া উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার আহ্বান জানান তিনি।
 

দেশের মালিকানা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল বা সরকারের একার নয়। দেশের ২০ কোটি মানুষই এ দেশের অংশীদার এবং প্রত্যেকের দায়িত্ব রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার।
 

তিনি বলেন, দেশকে উন্নত ও সুন্দর করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দেশ গড়ার অঙ্গীকার গ্রহণেরও আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬