কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: ছাত্রদল সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও একইভাবে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম তাঁকে মুগ্ধ করেছে। সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদের বিভিন্ন আয়োজন ও কর্মতৎপরতা তিনি শুধু প্রশংসাই করেন না, নিজেও উপস্থিত থেকে এসব কার্যক্রম তদারকির চেষ্টা করেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংগঠনগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যক্রম স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। পুরান ঢাকাকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনটির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে ফল উৎসবের আয়োজন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬