|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ

চিন্ময় কৃষ্ণকে হেফাজতে নিল সিএমপি, তোলা হবে আদালতে


চিন্ময় কৃষ্ণকে হেফাজতে নিল সিএমপি, তোলা হবে আদালতে


ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি সিএমপির হেফাজতে রয়েছেন। সেখানে তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে ওই মামলায় চট্টগ্রামের আদালতে হাজির করা হবে।
 

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
 

জানা যায়, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপির (পরবর্তীতে বহিষ্কৃত) নেতা ফিরোজ খান তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
 

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন মিলে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামে নতুন একটি জোট গঠন করে। এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬