শাহবাগ থেকে আবারো আন্দোলনের ডাক কোটা বিরোধীদের
ঢাকা প্রেস নিউজঃ-
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় আবারো আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।
২ জুলাই, মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় তারা ঢাবি ক্যাম্পাসের শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দেয়। এরপূর্বে তারা হলপাড়া থেকে শুরু করে নীলক্ষেত-নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে শাহবাগ মোড়ে পদযাত্রা করে।
আন্দোলনকারীদের দাবি:
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র পুনর্বহাল। দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।
আন্দোলনকারীদের বক্তব্য:
"এটা বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন।" "আমাদের সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতির কথা আছে। কোটা পদ্ধতি এই তিনটি মূলনীতির বিরুদ্ধে।" "মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল হলেও কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের সুযোগ করে দেওয়া আমাদের প্রতি অবিচার।"
উল্লেখ্য:
২০১৮ সালে সরকারি চাকরিতে ৫৬% কোটা ছিল। ৪ অক্টোবর ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৬ বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে। ২০২১ সালে উচ্চ আদালত সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটি অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬