ধলেশ্বরীতে ভয়াবহ দুর্ঘটনা: সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-
মানিকগঞ্জের সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় বুধবার সকালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিশুকন্যাকে সাঁতার শেখাতে নিয়ে গিয়ে বাবা-মেয়ে দুজনই ধলেশ্বরী নদীতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজরা হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী এবং রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর তার মেয়েকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে নদীতে নিয়ে যান। হঠাৎ করে বোতলের মুখ খুলে যাওয়ায় রাফা পানির নিচে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে মহিদুরও নদীতে পড়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। শিবালয়ের আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বাবা-মেয়ের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬