|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ

পল্লবী থানায় যুবকের হামলা: ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত


পল্লবী থানায় যুবকের হামলা: ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত


রাজধানীর পল্লবী থানায় এক যুবকের হামলায় থানার ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে।


আহতদের মধ্যে রয়েছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম থানায় এসে দাবি করেন যে, এলাকায় একটি খুন হয়েছে। তবে ওসি বিষয়টি অস্বীকার করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “আপনি কেন লুকোচুরি করছেন? আপনার ডিউটি অফিসার জানে।” এরপর তাকে ডিউটি অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনিও বিষয়টি অস্বীকার করেন।
 

যুবকের পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলেননি। একপর্যায়ে ওসি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে ফাহিম আচমকা কিল-ঘুষি মারতে শুরু করেন। এসময় এএসআই নাসির বাধা দিলে তিনি নাসিরের একটি আঙুল ভেঙে দেন এবং এসআই শরিফুলের কপালে ঘুষি মারেন। পরে পুলিশ তাকে আটক করে।


জিজ্ঞাসাবাদের পর জানা যায়, থানার বাইরে একটি গাড়িতে আরও তিন যুবক অপেক্ষা করছিলেন। পুলিশ তাদেরও আটক করে। আটককৃতদের বাড়ি গাজীপুরে। তারা কেন এ ঘটনা ঘটিয়েছেন, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বা মাদকাসক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা তিনজন তার বন্ধু। তাদের গাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগানো ছিল।


পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬