|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টায় শিক্ষকদের ওপর পুলিশের জলকামান


প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টায় শিক্ষকদের ওপর পুলিশের জলকামান


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।
 

বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষকরা।
 

জানা গেছে, দীর্ঘদিন ধরে দাবি আদায়ের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। মিছিলটি কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে, ‘এতজনকে একসঙ্গে বাসভবনের সামনে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়, তবে কয়েকজন প্রতিনিধি যেতে পারেন।’ কিন্তু শিক্ষকরা তাতে রাজি না হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
 

আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর জলকামান ব্যবহার করা হলো। এত বৈষম্য কেন? সরকার যদি আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিত, তাহলে রাস্তায় নামতে হতো না।’
 

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা সড়কে বসে পড়েন। পরে তাদের সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬