|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৪:০৭ অপরাহ্ণ

মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি মির্জা হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম


মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি মির্জা হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম


আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পেয়েছেন ৪ ভোট।
 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম হুমায়ুন কবির বক্কর পেয়েছেন ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন পেয়েছেন ৩ ভোট। প্রেসক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনার ছিলেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। এ ছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান।
 

এদিকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী।
 

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬