|
প্রিন্টের সময়কালঃ ২৪ আগu ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৬ ০৬:০০ অপরাহ্ণ

দেশজুড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ভোগান্তি, অভিযোগ জানাবেন যেভাবে


দেশজুড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ভোগান্তি, অভিযোগ জানাবেন যেভাবে


চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ বা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

 

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

 

গ্রাহকদের ভোগান্তি কমাতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

এ অবস্থায় যেসব গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বা বিল নিয়ে কোনো অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আগে থেকে চালু থাকা হটলাইন নম্বরেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো)-এর কল সেন্টার ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের কল সেন্টার ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের কল সেন্টার ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কল সেন্টার ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের কল সেন্টার ১৬১১৭-এ যোগাযোগ করে গ্রাহকরা তাদের অভিযোগ জানাতে পারবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬