|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৫:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা


ঠাকুরগাঁও ও পঞ্চগড় প্রতিনিধি

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। বর্তমানে চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।
 

এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
 

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। সকালবেলায় ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন কয়েকজন ভোটার।
 

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তাঁদের মধ্যে উৎসাহও দেখা যাচ্ছে।
 

অন্যদিকে, ঠাকুরগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন কয়েকটি অনিয়মের অভিযোগ তুলে সংশয় প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তারা ছবি ছাড়া পরিচয়পত্র ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে বিভিন্ন অভিযোগের পরও শেষ পর্যন্ত প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন এই প্রার্থী।
 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
 

অন্যদিকে, ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি। এ ছাড়া আরও তিনটি দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
 

নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নিরাপত্তার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরাও দায়িত্ব পালন করেন।
 

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উপনির্বাচনকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে প্রার্থীদের প্রচার-প্রচারণা ছিল চোখে পড়ার মতো। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
 

ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনার কাজ। গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি কে হচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬