|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ণ

পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল


পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল


সিরাজগঞ্জ প্রতিনিধি:


 

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দায়িত্ব পালনে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
 

বুধবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ জানান, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের বিষয়টি তাঁকে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। ওই সময় দায়িত্ব পালনকারী টহল দলের সদস্য কিংবা আশপাশের থানার পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে কয়েকজন মিছিলের সামনের সারিতে রয়েছেন। মিছিলে আনুমানিক ৩৫ থেকে ৪০ জন অংশ নেন। এ সময় তাঁদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। মিছিলের সামনে দিয়ে পুলিশের একটি টহল গাড়ি চলাচল করতেও দেখা যায় ভিডিওতে। এ ছাড়া মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানা গেছে।
 

এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬